বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সড়ক ও মহাসড়কে শোভা পাচ্ছে ফেস্টুন ও ব্যানার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন।
দলীয় সূত্র জানায়, পরিবার ও দলের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বিকেলে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জেনেছি তিনি শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে অনুযায়ী আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি অতিথিদের সম্ভাব্য চলাচলের স্থানগুলো বিশেষভাবে পরিষ্কার করা হয়েছে। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিচ্ছন্ন করা হয়েছে।”
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে থাকবেন ইউনিফর্মধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরা।





